শনিবার ২৭, জুন ২০২৬

শনিবার ২৭, জুন ২০২৬ -- : -- --

লংগদুতে জোন কাপের শিরোপা মাইনীমুখ একাদশের

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০১:৪৫ এএম

সংগৃহীত ছবি

রাঙামাটির লংগদুতে চার বছরের বিরতির পর আবারও অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত জোন কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে কেদারমারা একাদশকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে মাইনীমুখ একাদশ।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় লংগদু উপজেলা মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মাইনীমুখ একাদশ ও কেদারমারা একাদশ। নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও কোনো দলই গোলের দেখা পায়নি। অতিরিক্ত ২০ মিনিটেও গোলশূন্য সমতায় ম্যাচ শেষ হলে ফল নির্ধারণে গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে মাইনীমুখ একাদশ ৩-২ গোলের ব্যবধানে কেদারমারা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শাহিনুর মাহমুদ খান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

গত ১৩ জুন উপজেলার ৯টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। আয়োজক সূত্র জানায়, সর্বশেষ ২০২২ সালে লংগদু জোনের উদ্যোগে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী তিন বছর—২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়নি। দীর্ঘ বিরতির পর টুর্নামেন্টটি পুনরায় মাঠে গড়ানোয় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি বলেন, "অতীতের ধারাবাহিকতায় এবারও জোন কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং এলাকায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে সবচেয়ে বড় বিষয় হলো মানুষের মিলনমেলা ও বন্ধুত্বের জয়।"

Link copied!