প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১০:৪৪ পিএম
‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে বন্ধুত্ব’ স্লোগান সামনে রেখে ২দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা আজ ২৬ জুন ২০২৬ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শুরু হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া-সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২দিনব্যাপী এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।
