প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ১১:০০ পিএম
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস, জ্ঞানচর্চা ও আদর্শিক বিকাশে উৎসাহিত করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবিপ্রবি শাখার উদ্যোগে বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) পাঁচরাস্তা সংলগ্ন উইজডম স্কুলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার জন্য নির্বাচিত বই ছিল ‘সুবেহ সাদিক’। বইটির ওপর ভিত্তি করে ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়। অংশগ্রহণকারীরা নির্ধারিত সময়ের মধ্যে বইয়ের মূল ভাব, শিক্ষা ও গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ওপর প্রণীত প্রশ্নের উত্তর দেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বইপাঠের আগ্রহ সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক চর্চা উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। তবে প্রত্যাশার তুলনায় পরীক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল।
ছাত্রশিবির জাবিপ্রবি শাখা জানিয়েছে, মূল্যায়ন শেষে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতে এ ধরনের শিক্ষামূলক ও জ্ঞানভিত্তিক কার্যক্রমে আরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবে এবং ক্যাম্পাসে ইতিবাচক বুদ্ধিবৃত্তিক পরিবেশ গড়ে উঠবে।
