প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ১০:৫৫ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্মরণে শোক প্রকাশ করা হয়েছে। এ সময় তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সিনেট সদস্যরা।
শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান শোক প্রস্তাব উপস্থাপন করেন।
শোক প্রস্তাব উপস্থাপনের সময় বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির অবদানের কথা স্মরণ করা হয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়া ও শরীফ ওসমান হাদির নামও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়। পরে উপস্থিত সিনেট সদস্যরা তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
এদিকে একই অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব। তিনি জানান, ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেটের পরিমাণ ৩৪৮ কোটি ৭০ লাখ ৫ হাজার টাকা। আর ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের পরিমাণ ৩৪৮ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা।
