প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০৫:২৮ পিএম
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমানসহ জেলা ক্রীড়া ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক দাবাড়ু অংশগ্রহণ করেন। পরে প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা শুরু হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দাবা ক্লাবের খেলোয়াড়রা অংশ নেন। খেলাগুলো পরিচালনা করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুমোদিত আর্বিটাররা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দাবা শুধু একটি খেলা নয়; এটি মেধা, ধৈর্য, কৌশল এবং সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে মানসিক বিকাশে দাবা চর্চা কার্যকর ভূমিকা রাখতে পারে। নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ দাবাড়ু গড়ে তুলতে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু জানান, নির্ধারিত রাউন্ড শেষে সেরা খেলোয়াড়দের মধ্যে ট্রফি, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
