প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০১:৩০ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দলের জেরে দলের এক নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে তিনি শ্রীমঙ্গল থানায় উপস্থিত হয়ে আইনগত সহায়তা চান।
শ্রীমঙ্গল থানা সূত্র জানায়, শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার শহরের কোদালিপুর এলাকার জাম্বু মিয়ার গ্যারেজের পেছন থেকে এনসিপি মৌলভীবাজার জেলা শাখার মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইনকে জোরপূর্বক একটি গাড়িতে তোলা হয়।
অভিযোগে তিনি বলেন, জুনেদ এর নেতৃত্বে দলের কয়েকজন তাকে গলায় ছুরি ধরে শ্রীমঙ্গলের দিকে নিয়ে যায়। এ সময় এহসান জাকারিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়ালে তাকে মেরে গুম করার হুমকি দেওয়া হয়। রাত ১টার দিকে শ্রীমঙ্গল শহরের ২ নম্বর পুল এলাকায় তাকে নামিয়ে দিয়ে তারা চলে যায়।
আব্দুল্লাহ আল হুসাইন জানান, কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের সফরের কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।
থানা সূত্রে জানা যায়, ২৬ জুন সকালে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বর থেকে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর কুলাউড়ার উদ্দেশে রওনার সময় জেলা এনসিপির সদস্য সচিব রুহুল আমিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়ার সঙ্গে ছাত্রশক্তি, যুবশক্তি ও অন্যান্য নেতাকর্মীদের দাওয়াত, কর্মসূচি ব্যবস্থাপনা ও গাড়িতে অবস্থান নিয়ে বাকবিতণ্ডা হয়। কুলাউড়ার কর্মসূচি চলাকালীন ও পরে শমশেরনগর রোডে এহসান জাকারিয়ার সঙ্গে আব্দুল্লাহর আরেক দফা বাগবিতণ্ডা হয়।
প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটি এনসিপির অভ্যন্তরীণ বিরোধের জেরে এবং দলের নিজস্ব নেতাকর্মীদের সম্পৃক্ততায় ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ ও অধিকতর তদন্ত চলছে।
