বৃহস্পতিবার ১৮, জুন ২০২৬

বৃহস্পতিবার ১৮, জুন ২০২৬ -- : -- --

আরও ৪ শিশুর মৃত্যু, ৯৪ দিনে হাম ও উপসর্গে মৃত ৬৬১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৯:৪২ পিএম

আরও ৪ শিশুর মৃত্যু, ৯৪ দিনে হাম ও উপসর্গে মৃত ৬৬১

দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ৯৪ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৬১ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মোট মৃতদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৬৮ শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।

গত এক দিনে মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন সিলেট বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তির চাপও অব্যাহত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগী হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩১৫ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২১০ জন এবং বরিশাল বিভাগে ১১০ জন ভর্তি হয়েছে। 

একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯০৬ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হওয়ার পর থেকে গত ৯৪ দিনে হামের উপসর্গ দেখা গেছে ৮৮ হাজার ৮৯৫ জনের মধ্যে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩ হাজার ২৭৭ জন। পরীক্ষার মাধ্যমে মোট ১০ হাজার ৬৩৪ জনের হাম শনাক্ত করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৬৮৮ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Link copied!