বৃহস্পতিবার ১৮, জুন ২০২৬

বৃহস্পতিবার ১৮, জুন ২০২৬ -- : -- --

গভর্নর নয়, ডেপুটি গভর্নরের সঙ্গে বৈঠক; সংশোধিত বিজ্ঞপ্তি দিল গ্রাহক ফোরাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম

গভর্নর নয়, ডেপুটি গভর্নরের সঙ্গে বৈঠক; সংশোধিত বিজ্ঞপ্তি দিল গ্রাহক ফোরাম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। তবে বৈঠকটি গভর্নরের সঙ্গে নয়, ডেপুটি গভর্নর কবির আহমদের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে বলে পরে সংশোধিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

বুধবার সন্ধ্যায় পাঠানো এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাহক ফোরাম জানায়, সকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমদের সঙ্গে তাদের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইসমাইল হোসেনও উপস্থিত ছিলেন। ফোরামের পক্ষ থেকে আহ্বায়ক নুর উন নবী ও সদস্যসচিব মুতাছিম বিল্লাহ অংশ নেন।

এর আগে দুপুরে সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং ইসলামী ব্যাংক নিয়ে উত্থাপিত সাত দফা দাবির বিষয়ে গভর্নর একমত পোষণ করেছেন। ওই তথ্যের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

তবে পরে বাংলাদেশ ব্যাংক এক বার্তায় স্পষ্ট করে জানায়, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সঙ্গে গভর্নরের কোনো বৈঠক হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য অনুযায়ী, বেলা ১১টার দিকে গ্রাহক ফোরামের তিন সদস্যের একটি প্রতিনিধিদল ডেপুটি গভর্নর কবির আহমদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বক্তব্য তুলে ধরে।

বৈঠকে ইসলামী ব্যাংককে ঘিরে সাত দফা দাবি পেশ করে গ্রাহক ফোরাম। দাবিগুলোর মধ্যে রয়েছে—অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন, ব্যাংকের প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়া, এস আলমসহ অভিযুক্তদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ।

এ ছাড়া ব্যাংকিং খাতে স্থিতিশীলতা রক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আইনি ব্যবস্থা গ্রহণ, ব্যাংক কোম্পানি আইনের সংশোধন এবং জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিও জানানো হয়।

গ্রাহক ফোরাম বলছে, ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তাদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন জরুরি। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিনিধিদলের বক্তব্য গ্রহণ করা হয়েছে এবং বিষয়গুলো পর্যালোচনা করা হবে।

Link copied!