প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৯:৫৩ পিএম
বাজেটকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের কল্যাণে প্রণীত বাজেটকে যারা গণবিরোধী আখ্যা দেয়, তারা প্রকৃত অর্থে জনগণের স্বার্থের পক্ষে নয়।
বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের কল্যাণে একাধিক উদ্যোগের ঘোষণা দেন। তিনি জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব নারী চা শ্রমিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি চা শ্রমিকদের চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, "৫০ জন চা শ্রমিককে ঘর তৈরির জন্য ২ লাখ টাকা করে দেওয়া হচ্ছে ।"
তিনি আরও বলেন, "১৫০ জন চা শ্রমিকের সন্তানদের স্কলারশিপ দেওয়া হয়েছে ।"
সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "বিএনপি সরকারের লক্ষ্য পরিষ্কার, বাংলাদেশ ও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা।"
তিনি বলেন, "জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, দেশের গণতন্ত্র কেউ নষ্ট করতে পারবে না। যদি দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হয়, যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে গড়তে হয় তাহলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
অর্থপাচার রোধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "জনগণের টাকা আর পাচার হতে দেয়া হবে না, জনগণের টাকা জনগণ ও দেশের ভাগ্যের পরিবর্তনে কাজ করা হবে। টাকার কোনো অভাব হবে না। যারা জনগণের টাকা বিদেশে পাচার করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে।"
দীর্ঘ ২১ বছর পর মৌলভীবাজার সফরে এসে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পরে বিকেল ২টা ৩০ মিনিটে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন।
মৌলভীবাজারবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, "আজ আমি একটি কথা পরিষ্কার করে বলতে চাই। এই যে আমরা বাজেট দিয়েছি—এটি জনগণের বাজেট। এই বাজেট গ্রামের কৃষকের, চা বাগানের শ্রমিকের, গার্মেন্টসের বোনের, প্রবাসী ভাইয়ের বাজেট।"
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, "দেশ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে উন্নয়ন, অন্যদিকে ষড়যন্ত্র। আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই—জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। দেশের গণতন্ত্র কেউ নষ্ট করতে পারবে না। যদি দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হয়, যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হয়, তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, "মৌলভীবাজার এসেছে আমি খুব আনন্দিত। চায়ের দেশ মানুষের কথা আমি কখন ভুলিবে না।"
এর আগে সকালে বিমানে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বিশেষ বাসযোগে সড়কপথে শ্রীমঙ্গলে আসেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজারজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
