প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ১২:১২ পিএম
২০১৮ বিশ্বকাপের পর কঠিন এক সময়ের মধ্যে থাকা আর্জেন্টিনা দলের দায়িত্ব নেন লিওনেল স্কালোনি। তার নেতৃত্বে দলটি জিতে নেয় কোপা আমেরিকা ২০২১, ফিনালিসিমা ২০২২, ফিফা বিশ্বকাপ ২০২২ এবং কোপা আমেরিকা ২০২৪-এর শিরোপা। এই সাফল্যের পেছনে লিওনেল মেসির অবদান ছিল অনস্বীকার্য।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অনেকেই বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে দেখেননি। তবে বিশ্বমঞ্চে মেসির দুর্দান্ত পারফরম্যান্স সমালোচকদের সেই ধারণা নতুন করে ভাবতে বাধ্য করেছে।
দীর্ঘদিন ধরে মেসিকে কাছ থেকে দেখছেন স্কালোনি। তবুও বিশ্বকাপের মতো বড় আসরে তার অসাধারণ নৈপুণ্য দেখে প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন না আর্জেন্টাইন কোচ।
ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্কালোনি বলেন, ‘আমি সত্যিই বাকরুদ্ধ। কী বলব বুঝতে পারছি না। ওকে নিয়ে যতই বলা হোক, তা কমই হবে। মেসি অসাধারণ। গত ২০ বছর ধরে সে একই ধারাবাহিকতায় খেলছে। মানুষ সবসময় এমন কিছুই দেখতে চায়। আমাদের সবার উচিত তার খেলা উপভোগ করা। সত্যিই এটা অবিশ্বাস্য।’
মেসির গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘দলে এমন একজন খেলোয়াড় থাকলে অনেক কিছুই সহজ হয়ে যায়। আমার কাছে সে বিশ্বের সেরা ফুটবলার। যতদিন সে আমাদের সঙ্গে আছে, ততদিন তার উপস্থিতির সর্বোচ্চ সুবিধা নেওয়া উচিত। কারণ সে চিরদিন খেলবে না। আমাদের উচিত মেসি ও নেইমার-দুজনের খেলাই উপভোগ করা।’
