ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম
বৃহস্পতিবার ১৮, জুন ২০২৬ -- : -- --
যবিপ্রবিতে ‘অ্যাডমিনিস্ট্রেশন এক্সিলেন্স’ বিষয়ক কর্মশালা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে কর্মকর্তাদের নিয়ে “এডমিনিস্ট্রেশন এক্সিলেন্স অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান।
আজ বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক গতিশীলতা ও আধুনিক অফিস ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান বলেন, এ ধরনের কর্মশালা কর্মকর্তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কর্মশালা থেকে কর্মকর্তাবৃন্দ আধুনিক অফিস ম্যানেজমেন্ট ও অফিসের কার্যক্রম সম্পর্কে আরও স্পষ্ট ধারণা লাভ করবেন। তিনি আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা ও আধুনিক অফিস ব্যবস্থাপনার ওপর প্রাতিষ্ঠানিক সাফল্য অনেকাংশে নির্ভর করে। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা কর্মকর্তাদের দাপ্তরিক কাজে আরও দক্ষ, স্বচ্ছ এবং দায়িত্বশীল হতে সাহায্য করবে বলে আমি মনে করি।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ নুরুন্নবী। এছাড়াও কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহিন।
দিনব্যাপী এই কর্মশালায় বক্তারা আধুনিক অফিস ব্যবস্থাপনা, ই-নথি পরিচালনা, প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং দাপ্তরিক শিষ্ঠাচারসহ প্রশাসনিক উৎকর্ষ সাধনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন।
আইকিউএসির পরিচালক (চলতি দায়িত্ব) ড. কে. এম. আনিস-উল-হক এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন যবিপ্রবির রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।