প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ১২:১৬ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। আজ চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ২টায়।
সংক্ষিপ্ত এই ফরম্যাটের সিরিজে দুই দলেই দেখা যেতে পারে কিছু নতুন মুখ। ওয়ানডে সিরিজে চোটের কারণে মাঠের বাইরে থাকা মিচেল মার্শ এবার অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন।
অন্যদিকে, ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পাওয়া বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাসের প্রথম টি-টোয়েন্টিতে খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদিও তিনি জানিয়েছেন, টসের আগে পর্যন্ত তার শারীরিক অবস্থার মূল্যায়ন করা হবে। তবে দলীয় সূত্র বলছে, প্রথম ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা খুবই কম। মঙ্গলবার দলের অনুশীলনেও অংশ নেননি তিনি।
লিটন খেলতে না পারলে সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া তাওহিদ হৃদয়ের নেতৃত্বে মাঠে নামতে পারে বাংলাদেশ। নিজের শারীরিক অবস্থা নিয়ে মঙ্গলবার লিটন বলেন, ‘আগের চেয়ে আমি অনেক ভালো আছি। তবে আজ ও আগামীকাল আবারও মূল্যায়ন করা হবে। এরপরই আমার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে ওপেনার পারভেজ হোসেন ইমনের খেলা নিয়ে শঙ্কা অনেকটাই কেটে গেছে। মঙ্গলবারের অনুশীলনে তাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে।
গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তুলনামূলক অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে খেলেছিল বাংলাদেশ। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার পূর্ণ শক্তির বোলিং ইউনিট নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। পেস বিভাগে থাকছেন রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা, যাদের ওপরই থাকবে আক্রমণের মূল দায়িত্ব।
অন্যদিকে, ওয়ানডে সিরিজে পরাজয়ের হতাশা পেছনে ফেলে টি-টোয়েন্টি সিরিজ জিতে সফর শেষ করতে চাইবে অস্ট্রেলিয়া। দলে রয়েছেন টিম ডেভিড ও মিচেল মার্শের মতো অভিজ্ঞ ও বিধ্বংসী ক্রিকেটাররা। মার্শও আশাবাদী, অন্তত টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই দেশে ফিরতে পারবে তার দল।
