প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৬:০১ পিএম
ফুটবল মাঠে দলের পারফরম্যান্সের পাশাপাশি সমর্থকদের আচরণও অনেক সময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবারও সেই উদাহরণ তৈরি করেছেন জাপানের সমর্থকরা। ম্যাচ শেষে গ্যালারিতে পড়ে থাকা ময়লা-আবর্জনা নিজেরাই পরিষ্কার করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন তারা।
বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের ম্যাচ শেষে দেখা যায়, অন্যান্য দর্শকরা স্টেডিয়াম ছেড়ে চলে গেলেও জাপানি সমর্থকদের একটি অংশ নিজেদের আসনের আশপাশ পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েন।
প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেটসহ বিভিন্ন আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলে দেন তারা। তাদের এই দায়িত্বশীল আচরণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আবারও প্রশংসায় ভাসতে থাকেন জাপানের ফুটবলপ্রেমীরা।
ফুটবল বিশ্বে জাপানি সমর্থকদের এমন আচরণ নতুন নয়। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করে তারা শৃঙ্খলা, ভদ্রতা ও দায়িত্বশীলতার অনন্য নজির স্থাপন করেছেন।
জাপানি সমর্থকদের এই সংস্কৃতি শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া বিশ্বের কাছেই একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
