প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৪:৪২ পিএম
বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ার সুযোগ হারালেও সোমালি ফুটবল রেফারি ওমর আব্দুলকাদির আরতানের পাশে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় টুর্নামেন্টে দায়িত্ব পালন করতে না পারলেও তার পুরো পারিশ্রমিক পরিশোধ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
একটি সূত্রের বরাতে জানা গেছে, আরতানের বিরুদ্ধে ‘সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে সম্পর্ক’ থাকার অভিযোগ তুলে মার্কিন কাস্টমস ও সীমান্ত সুরক্ষা বিভাগ তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। ফলে বিশ্বকাপে প্রথম সোমালি রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার স্বপ্ন থেমে যায়।
২০২৫ সালে আফ্রিকার সেরা রেফারি নির্বাচিত হওয়া আরতান দেশে ফেরার পর ব্যাপক সম্মান পান। সোমালিয়ার মানুষ তাকে বীরের মতো বরণ করে নেয়। নিজের প্রতি সমর্থনের জন্য সোমালি সরকার, সাধারণ মানুষ এবং ফিফার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
মোগাদিশুতে পতাকা হাতে জড়ো হওয়া শত শত সমর্থকের সামনে আরতান বলেন, 'আমি আপনাদের কথা দিচ্ছি, আমি পরবর্তী বিশ্বকাপে থাকব। আমি চাই সোমালিয়ার মানুষ এতে শান্ত থাকুক এবং আত্মবিশ্বাস বজায় রাখুক।'
আরতানকে বিশ্বকাপে দায়িত্ব পালন করতে না দেওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার জন্ম দেয়। বিশ্বকাপ শুরুর আগে সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিষয়টি নিয়ে কথা বলেন।
আরতানের বিশ্বকাপ স্বপ্ন কেড়ে নেওয়ার ঘটনায় ফিফার অবস্থান জানতে চাইলে ইনফান্তিনো সবাইকে 'শান্ত ও রিলাক্স' থাকার পরামর্শ দেন। তিনি জানান, টুর্নামেন্ট সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে ফিফা নিয়মিত কাজ করছে।
বিশ্বকাপে সুযোগ না পেলেও ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আগামী আগস্টে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও অ্যাস্টন ভিলার মধ্যকার ‘উয়েফা সুপার কাপ’ ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে আরতানকে।
