প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৮:৪৮ এএম
বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি শুরু হয়েছে, আবেদন চলবে ১৫ জুন ২০২৬ পর্যন্ত। এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, যা ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে।
দেশের ৬৪ জেলার ৮টি বিভাগের শিক্ষিত তরুণ-তরুণীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণের মেয়াদ ৩ মাস, মোট ৬০০ ঘণ্টার কোর্স হিসেবে পরিচালিত হবে।
আবেদনকারীদের জন্য ন্যূনতম যোগ্যতা হিসেবে এইচএসসি বা সমমান পাস হতে হবে। বয়সসীমা ধরা হয়েছে ১৮ থেকে ৩৫ বছর। আইসিটি বা কম্পিউটার বিষয়ে প্রাথমিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতা থাকলে নির্বাচনে অগ্রাধিকার দেওয়া হবে।
অনলাইনে আবেদন ১৫ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত গ্রহণ করা হবে। আবেদন সফলভাবে সম্পন্ন হলে আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি জানানো হবে এবং সেই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
পরীক্ষা ও নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী
- লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ জুন ২০২৬
- মৌখিক পরীক্ষা ২১ জুন ২০২৬
- চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৪ জুন ২০২৬
এছাড়া প্রশিক্ষণ চলাকালীন সময়ে অংশগ্রহণকারীদের জন্য কোনো ভর্তি ফি লাগবে না। নির্বাচিত প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালীন সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা সরবরাহ করা হবে। কোর্স সফলভাবে শেষ করে উত্তীর্ণ হলে অংশগ্রহণকারীরা সনদপত্রও পাবেন।
