সোমবার ১৫, জুন ২০২৬

সোমবার ১৫, জুন ২০২৬ -- : -- --

ট্রাম্পের বড় ঘোষণা, খুলছে হরমুজ প্রণালি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৮:৫০ এএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শান্তি সমঝোতা হতে যাচ্ছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, এই সমঝোতার ফলে হরমুজ প্রণালি আবারও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হবে এবং সেখানে কোনো ধরনের শুল্ক আরোপ করা হবে না।

রোববার (১৪ জুন) ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ দুই দেশের দীর্ঘদিনের বৈরিতার অবসানের পথ তৈরি করতে পারে।

গত ২৮ ডিসেম্বর ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়, যা বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য খাতে বড় ধরনের প্রভাব ফেলেছিল।

নিজের ৮০তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, হরমুজ প্রণালি শুল্কমুক্তভাবে ব্যবহারের অনুমোদন দেওয়া হচ্ছে এবং মার্কিন নৌবাহিনীর অবরোধও তুলে নেওয়া হবে। একই সঙ্গে তিনি বিশ্বব্যাপী জাহাজ চলাচল ও তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরেকটি পোস্টে ট্রাম্প দাবি করেন, এই সমঝোতা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, অতীতে অনেক মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করলেও সফল হননি, তবে বর্তমান উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে।

তবে পরবর্তীতে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করেন যে, ইরান চুক্তির শর্ত ভঙ্গ করলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক পদক্ষেপ নিতে পারে। তিনি আরও উল্লেখ করেন, বিকল্প হিসেবে মধ্যপ্রাচ্যের মোট রাজস্বের ২০ শতাংশের বিনিময়ে যুক্তরাষ্ট্র অঞ্চলটির নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিতে পারে। তবে সাক্ষাৎকারটি চুক্তি ঘোষণার আগে নাকি পরে নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।

পাকিস্তানের মধ্যস্থতা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া

ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চুক্তির বিষয়টি প্রকাশ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, লেবাননসহ বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যেই এই সমঝোতা হয়েছে। তিনি জানান, আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

শাহবাজ শরীফ এ ক্ষেত্রে কাতার, সৌদি আরব ও তুরস্কের নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, আনুষ্ঠানিক স্বাক্ষরের আগে মধ্যস্থতাকারী দেশগুলো একাধিক বৈঠকের মাধ্যমে আলোচনার ভিত্তি আরও শক্তিশালী করবে।

চুক্তিকে স্বাগত জানিয়েছে কাতারও। দেশটির মতে, হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রণালিটি পুনরায় চালু হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে। পাশাপাশি আলোচনার প্রক্রিয়াকে এগিয়ে নিতে যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সম্ভাব্য এই চুক্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বিশেষ করে বৈরুতে ইসরায়েলি বিমান হামলার পর সমঝোতা ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত পাকিস্তান, কাতার, সৌদি আরব ও তুরস্কের যৌথ কূটনৈতিক প্রচেষ্টায় শান্তি চুক্তিটি বাস্তবায়নের পথে এগিয়েছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

Link copied!