প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৫:১১ পিএম
বর্তমান সময়ে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত ও পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আর জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম। ব্যক্তিগত আলাপ, অফিস মিটিং কিংবা জরুরি তথ্য বিনিময়ে প্রতিদিনই ব্যবহার হচ্ছে এই প্ল্যাটফর্ম। অনেক সময় গুরুত্বপূর্ণ কথোপকথন সংরক্ষণ করার প্রয়োজন পড়ে। তখনই সামনে আসে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার বিষয়টি।
যদিও হোয়াটসঅ্যাপে সরাসরি কল রেকর্ডিংয়ের কোনো অফিসিয়াল সুবিধা নেই, তবুও কিছু কৌশল ব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইফোন-দুই ধরনের ডিভাইসেই কল সংরক্ষণ করা সম্ভব।
অ্যান্ড্রয়েড ফোনে কল রেকর্ড করার উপায়
বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এখন বিল্ট-ইন স্ক্রিন রেকর্ডার সুবিধা থাকে। এই ফিচার ব্যবহার করেই সহজে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যায়। প্রথমে ফোনের স্ক্রিন রেকর্ডার চালু করুন। এরপর অডিও রেকর্ডিং অপশন চালু আছে কি না সেটি নিশ্চিত করুন। তারপর হোয়াটসঅ্যাপ কল শুরু করুন। কল শেষ হওয়ার পর রেকর্ডিংটি স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারি বা ভিডিও ফোল্ডারে সংরক্ষিত হবে।
তবে কিছু ডিভাইসে নিরাপত্তাজনিত সীমাবদ্ধতার কারণে ইন্টারনাল অডিও রেকর্ড নাও হতে পারে। এমন পরিস্থিতিতে স্পিকার অন করে রেকর্ড করলে কথোপকথন সংরক্ষণ করা সহজ হয়।
থার্ড-পার্টি অ্যাপ ব্যবহারে সতর্ক থাকুন
যদি ফোনের নিজস্ব স্ক্রিন রেকর্ডার সঠিকভাবে কাজ না করে, তাহলে প্লে স্টোরে থাকা বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করা যেতে পারে। এসব অ্যাপ স্ক্রিনের পাশাপাশি অডিও রেকর্ড করার সুবিধাও দিয়ে থাকে।
তবে কোনো অ্যাপ ইনস্টল করার আগে অবশ্যই এর রিভিউ, পারমিশন ও প্রাইভেসি পলিসি যাচাই করা জরুরি। কারণ কিছু অনির্ভরযোগ্য অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা অপব্যবহার করতে পারে।
আইফোনে কল রেকর্ড করা কেন কঠিন?
আইফোনের কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে আইফোনে সরাসরি হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা তুলনামূলকভাবে কঠিন। আইওএসে আলাদা কোনো বিল্ট-ইন কল রেকর্ডিং সুবিধাও নেই। তবে অনেক ব্যবহারকারী ম্যাকবুকের সাহায্যে বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করে স্পিকার মোডে কথোপকথন রেকর্ড করেন। যদিও এ ক্ষেত্রে অডিওর মান কিছুটা কমে যেতে পারে।
অনুমতি ছাড়া কল রেকর্ড করা ঝুঁকিপূর্ণ
কারও কথোপকথন রেকর্ড করার আগে তার সম্মতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দেশে অনুমতি ছাড়া কল রেকর্ড করা আইনত অপরাধ হিসেবে বিবেচিত হয়। তাই প্রয়োজন ছাড়া গোপনে কল রেকর্ড করা থেকে বিরত থাকা উচিত।
রেকর্ড করা ফাইল সুরক্ষিত রাখুন
কল রেকর্ডিংয়ে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য থাকতে পারে। তাই এসব ফাইল নিরাপদ স্থানে সংরক্ষণ করা প্রয়োজন। অতিরিক্ত নিরাপত্তার জন্য পাসওয়ার্ড বা এনক্রিপশন ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
জেএস
