প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০১:০২ পিএম
তরুণদের নেতৃত্ব, সৃজনশীলতা ও যোগাযোগ দক্ষতা বিকাশের লক্ষ্য নিয়ে সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিকেশন ডে—২০২৬’। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এই আয়োজন উৎসবমুখর পরিবেশ, প্রাণবন্ত অংশগ্রহণ এবং ব্যতিক্রমধর্মী উপস্থাপনায় মুখর হয়ে ওঠে।
এবারের প্রতিপাদ্য ছিল— “ইউর ভয়েস, ইউর পাওয়ার, ইউর ফিউচার”।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ এবং বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলাম। এছাড়াও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ ও ৭৭ ব্যাচের বিবিএ এবং টিএইচএম বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কমিউনিকেশন ডে—২০২৬ সফলভাবে বাস্তবায়নে বিভাগীয় শিক্ষক ও মেন্টর মোহাম্মদ হাসান, মুশফেকা রেজা সিদ্দিকা এবং সাল সাবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের দিকনির্দেশনা, সমন্বয় ও তত্ত্বাবধানে পুরো আয়োজন প্রাণবন্ত ও পেশাদার রূপ পায়।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ১০টি দলে বিভক্ত করা হয়। প্রতিটি দল ব্যবসায়িক যোগাযোগের বিভিন্ন বিষয় সৃজনশীল ও বাস্তবধর্মী উপস্থাপনার মাধ্যমে তুলে ধরে। এতে মৌখিক ও লিখিত যোগাযোগ, ইমেইল রাইটিং, সভা পরিচালনা, পাবলিক স্পিকিং, বডি ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন নেটওয়ার্ক সম্পর্কিত বিভিন্ন দিক প্রদর্শিত হয়।
শিক্ষার্থীরা পোস্টার প্রেজেন্টেশন, ড্যাংলার, ফেস্টুন, ডিজিটাল ব্যানার, টিম প্রেজেন্টেশন, ফোকাস গ্রুপ ডিসকাশন এবং ইন্টারেক্টিভ ডিসপ্লের মাধ্যমে নিজেদের ধারণা ও উদ্ভাবনী চিন্তাভাবনা উপস্থাপন করেন। পুরো আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, দলগত কাজের দক্ষতা, নেতৃত্বগুণ এবং পেশাদার যোগাযোগ দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা জানান।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দক্ষিণ অঞ্চলের রিজিওনাল হেড মোহাম্মদ মঈন উদ্দিন এবং চিটাগং লাইভের প্রতিষ্ঠাতা সাবের শাহ। তাঁরা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বাস্তবভিত্তিক উপস্থাপনার প্রশংসা করে এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আগত অতিথিরা শিক্ষার্থীদের স্টল উপস্থাপনা, বাস্তবভিত্তিক প্রদর্শনী এবং যোগাযোগ বিষয়ক ধারণার পেশাদার উপস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
শেষপর্যায়ে অংশগ্রহণকারী সকল দলকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি সেরা তিনটি দলকে তাদের সৃজনশীলতা, উপস্থাপনা দক্ষতা এবং সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কৃত করা হয়।
সবমিলিয়ে কমিউনিকেশন ডে—২০২৬ জ্ঞান, সৃজনশীলতা, নেতৃত্ব এবং পেশাদার উৎকর্ষতার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
