নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৯:২৮ পিএম
শনিবার ২৩, মে ২০২৬ -- : -- --
প্রতীকী ছবি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। হলে ও মেসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ‘ঈদ প্রীতিভোজ’ নামে একটি আপ্যায়ন কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শনিবার (২৩ মে) সকালে সংগঠনটির ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টায় ক্যাম্পাসসংলগ্ন বিভিন্ন মেস ও আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ইতিমধ্যে গুগল ফর্মের মাধ্যমে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে সংগঠনটি।
এ বিষয়ে নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবদুর রহমান বলেন, “পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে আমরা নোবিপ্রবি ছাত্রশিবির ক্যাম্পাসে “ঈদ প্রীতিভোজ” আয়োজন করতে যাচ্ছি । ঈদ মুসলিম উম্মাহর আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্বের উৎসব।পরিবার-পরিজনের কাছ থেকে দূরে থাকা অনেক শিক্ষার্থী ঈদের সময় ক্যাম্পাসেই অবস্থান করেন। তাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে আমাদের এই আয়োজন"।
তিনি আরও বলেন , “আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান নয়; বরং এটি পারস্পরিক সহমর্মিতা, মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্বচেতনা বিকাশেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। “ঈদ প্রীতিভোজ” সেই বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আমরা আশাবাদী।”