শনিবার ২৩, মে ২০২৬

শনিবার ২৩, মে ২০২৬ -- : -- --

মৌলভীবাজারে অস্ত্রের মুখে নারীর স্বর্ণ ছিনতাই, গ্রেফতার ২

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৪:২৩ পিএম

গ্রেফতারকৃতরা হলেন— জাহাঙ্গীর আলম (৪২) ওরফে মরা জাহাঙ্গীর, পিতা আফতাব মিয়া, সাং পূর্ব ছিরামপুর, দক্ষিণ সুরমা, সিলেট এবং আকমল হোসেন (৩৯), পিতা মো. আবুল হোসেন, সাং চান্দাই, দক্ষিণ সুরমা, সিলেট।

মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকায় এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— জাহাঙ্গীর আলম (৪২) ওরফে মরা জাহাঙ্গীর, পিতা আফতাব মিয়া, সাং পূর্ব ছিরামপুর, দক্ষিণ সুরমা, সিলেট এবং আকমল হোসেন (৩৯), পিতা মো. আবুল হোসেন, সাং চান্দাই, দক্ষিণ সুরমা, সিলেট।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মে ২০২৬ বিকেল আনুমানিক ৫টা ৩৮ মিনিটে ভুক্তভোগী নারী সন্তানসহ অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। এ সময় মৌলভীবাজার শহরের সৈয়ারপুর লক্ষীবালা স্কুল রোডের কালী মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি লাল রঙের মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীর গলায় থাকা আনুমানিক ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

ঘটনার পর মৌলভীবাজার সদর মডেল থানার একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পরে ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে সিলেট জেলা ও মহানগর এলাকায় টানা তিনদিন অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে গত ২১ মে ২০২৬ সিলেট মহানগরীর শাহপরাণ থানার কুশিঘাট এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আম্বরখানা বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে আকমল হোসেনকে আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী শিববাড়ী এলাকার একটি স্বর্ণের দোকান থেকে লুণ্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চক্রের সদস্যরা মোটরসাইকেলযোগে সিলেট মহানগর থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় এসে নারীদের অনুসরণ করত। নির্জন স্থান নির্বাচন করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, বড়লেখা ও কুলাউড়া এলাকায় চক্রটির সক্রিয়তা ছিল বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া গত ১০ জুন ২০২৫ মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় সংঘটিত অনুরূপ একটি ছিনতাই মামলার সঙ্গেও একই চক্রের সম্পৃক্ততা পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, আসামি জাহাঙ্গীর আলম ওরফে মরা জাহাঙ্গীর এর আগে সিলেট বিভাগের বিভিন্ন থানায় দায়ের হওয়া ডাকাতি, অস্ত্র, দ্রুত বিচার ও দস্যুতা মামলায় ১৫ বছরের বেশি সময় কারাভোগ করেছেন।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের তত্ত্বাবধানে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই রিপটন পুরকায়স্থ, এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান এবং কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

পুলিশ জানিয়েছে, ছিনতাইকারী চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!