শনিবার ২৩, মে ২০২৬

শনিবার ২৩, মে ২০২৬ -- : -- --

আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ১৫ দিনের ছুটি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০১:৩৪ পিএম

প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি শুরু। ছবি: সংগৃহীত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ শনিবার (২৩ মে) থেকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শুরু হয়েছে। আগামী ৬ জুন (শনিবার) পর্যন্ত চলবে এ ছুটি। শুক্রবার (২২ মে) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার ও শনিবার (২২ ও ২৩ মে) সাপ্তাহিক ছুটি থাকায় মূলত বৃহস্পতিবার (২১ মে) ছুটির আগে শেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সে হিসাবে আজ শুক্রবার থেকেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয় নিয়ে তৈরি হয়েছিল জটিলতা।

রমজানে বিদ্যালয় বন্ধ থাকায় ক্লাসের ঘাটতি পূরণে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার (২৩ মে) প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা ছিল।

এ পরিস্থিতিতে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, সে বিষয়ে শেষ পর্যন্ত কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানাতে পারেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত না আসায় জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তারাও শিক্ষকদের নির্দিষ্ট কোনো নির্দেশনা দিতে পারেননি।

বাৎসরিক ছুটি ও শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ ঘোষণা করা হয়েছিল। যেহেতু ছুটি কার্যকর হওয়ার কথা ছিল ২৪ মে থেকে এবং ক্লাসের ঘাটতি পূরণে ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত ছিল, সে কারণে ২৩ মে শনিবার বিদ্যালয় খোলা থাকবে বলেই ধারণা করা হচ্ছিল।

অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত মিড ডে মিল কর্মসূচির নির্দেশনায় ২২ মে থেকেই শিক্ষার্থীদের খাবার বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এতে শনিবার বিদ্যালয় বন্ধ থাকার ইঙ্গিত পাওয়া যায়।

শেষ মুহূর্তে এসে এ জটিলতার অবসান ঘটিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার থেকেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কার্যকর হচ্ছে। টানা ১৫ দিনের ছুটি শেষে আগামী ৭ জুন (রবিবার) থেকে আবারও শ্রেণিকক্ষে ফিরবে শিক্ষার্থীরা।

Link copied!