শনিবার ২৩, মে ২০২৬

শনিবার ২৩, মে ২০২৬ -- : -- --

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

মোঃ আয়নুল ইসলাম

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৪:৪০ পিএম

অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. খায়রুল ইসলামকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা তাঁর অবসরের তারিখ—যেটি আগে ঘটবে, ততদিন পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থানের নির্দেশনাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. খায়রুল ইসলাম বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Link copied!