প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১০:৪২ এএম
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শিক্ষাবৃত্তির ফলাফল প্রকাশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। প্রকাশিত তালিকায় অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন বঞ্চিত শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৬৪ জন শিক্ষার্থীর শিক্ষাবৃত্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এরপর থেকেই বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, বৃত্তি প্রদানের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও একাডেমিক ফলাফলের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাদের দাবি, অনেক মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী তালিকা থেকে বাদ পড়েছেন, অথচ তুলনামূলক কম ফলাফলধারী কয়েকজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায় প্রশাসন অনুষদের এক শিক্ষার্থী জানান, ফলাফল অনুযায়ী তার ১ম মেধাবৃত্তি পাওয়ার কথা, কিন্তু তাকে দেওয়া হয়নি। তার অভিযোগ, আবেদন যাচাই ও মূল্যায়নে অসঙ্গতি রয়েছে। ফলে প্রকৃত যোগ্য শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছেন।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে অর্ক দাশ গুপ্ত মন্তব্য করেন, “মেধাবৃত্তি নাম টা ব্যবহার না করাই উচিৎ ছিলো। কারন এখানে যে মেধা টাকেই প্রাধান্য দেওয়া হয় নাই। একজন যে পর পর ৩ টা সেমিস্টারে ফার্স্ট হইসে তাকে বৃত্তি টা দেওয়া হলো না।”
এদিকে প্রকাশিত তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, ফিশারিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কোনো শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত হয়নি। এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, বিভাগ থেকে তাদের বলা হয়েছে ষষ্ঠ সেমিস্টারের ফলাফল প্রকাশ না হওয়ায় তাদের বৃত্তি প্রদান করা হয়নি। তবে শিক্ষার্থীরা এ ব্যাখ্যাকে অযৌক্তিক দাবি করে বলেন, এতে তারা বৃত্তি থেকে বঞ্চিত হয়েছেন।
শিক্ষার্থীদের মতে, শিক্ষাবৃত্তির ফল প্রকাশে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। একই সঙ্গে ফলাফল পুনরায় যাচাই করে প্রকৃত যোগ্য শিক্ষার্থীদের বৃত্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির বলেন, “কোন শিক্ষার্থীর যদি মনে হয় প্রকাশিত তালিকায় কোন ত্রুটি আছে অথবা কারো নাম যদি না আসে সে ফরমালি আবেদন করলে কমিটি যুক্তিসঙ্গত মনে করলে সেটি রিচেক করবে।”
উল্লেখ্য, প্রতিবছর রাবিপ্রবিতে মেধা ও আর্থিক অসচ্ছলতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। তবে এবারের ফলাফল প্রকাশের পর অনিয়মের অভিযোগ সামনে আসায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
