মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

পৃথিবীতে ধেয়ে আসছে বিপজ্জনক অ্যাপোফিস গ্রহাণু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৮ এএম

ফাইল ছবি

পৃথিবীর দিকে ধেয়ে আসা ‘গড অব ক্যাওস’ নামে পরিচিত বিশাল গ্রহাণু অ্যাপোফিসকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে বিজ্ঞানীদের মধ্যে। আগামী কয়েক বছরের মধ্যেই এই গ্রহাণুটি পৃথিবীর অত্যন্ত কাছ দিয়ে অতিক্রম করবে, যা মহাকাশ গবেষণায় এক বিরল সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রাচীন মিসরীয় বিশৃঙ্খলার দেবতার নাম অনুসারে গ্রহাণুটির নাম রাখা হয়েছে ‘অ্যাপোফিস’। এটি ‘সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু’ হিসেবে শ্রেণিবদ্ধ হলেও বিজ্ঞানীরা বলছেন, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২০২৯ সালের ১৩ এপ্রিল গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করবে। তখন এর দূরত্ব হবে প্রায় ২০ হাজার মাইল, যা অনেক কৃত্রিম উপগ্রহের কক্ষপথের চেয়েও কাছাকাছি।

তবে দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের ভিত্তিতে নাসা নিশ্চিত করেছে, অন্তত আগামী ১০০ বছরেও অ্যাপোফিস পৃথিবীর জন্য কোনো ধরনের হুমকি তৈরি করবে না।

বিজ্ঞানীরা এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণার সুযোগ হিসেবে দেখছেন। গ্রহাণুর গঠন, গতিপথ এবং পৃথিবীর নিকটবর্তী মহাজাগতিক বস্তুর আচরণ সম্পর্কে নতুন তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া আবহাওয়া অনুকূলে থাকলে পূর্ব গোলার্ধের অনেক অঞ্চল থেকে খালি চোখেই গ্রহাণুটি দেখা যেতে পারে। সাধারণ মানুষের জন্যও এটি হতে পারে এক বিরল অভিজ্ঞতা।

মহাকাশ গবেষকদের মতে, এমন কাছাকাছি দূরত্বে কোনো বড় গ্রহাণুর অতিক্রমণ খুবই বিরল ঘটনা। তাই ২০২৯ সালের এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে বৈজ্ঞানিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

Link copied!