শনিবার ২৩, মে ২০২৬

শনিবার ২৩, মে ২০২৬ -- : -- --

যশোরে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১০:১৯ এএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

“নীতি নির্ধারণে আস্থা তৈরিতে মেট্রোলজি” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), যশোরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ অনুষ্ঠিত এ সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআই যশোরের অফিস প্রধান প্রকৌশলী মো. আসলাম শেখ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষক ড. সাখাওয়াত হোসেন। তিনি আধুনিক বিজ্ঞান, চিকিৎসা, জিপিএস, স্যাটেলাইট প্রযুক্তি এবং ডিএনএ গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে মেট্রোলজির গুরুত্ব তুলে ধরেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি গ্যালিলিও গ্যালিলির বিখ্যাত উক্তিটি উল্লেখ করেন: “Measure what is measurable, and make measurable what is not so.” তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং কার্যকর রাষ্ট্রীয় নীতি নির্ধারণে নির্ভুল পরিমাপ ও স্বচ্ছ তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিএসটিআই সনদের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এটি একদিকে যেমন ভোক্তাদের আস্থা তৈরি করে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখে।

এছাড়া তিনি শিল্পোন্নয়ন ও ভোক্তা অধিকার সুরক্ষায় বিএসটিআইয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ব্যবসায়ী, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের সচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন বাজার তদারকি কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিএসটিআই মান সনদবিহীন পণ্যের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল হাসান বলেন, বিএসটিআইয়ের মানচিহ্নযুক্ত পণ্যের প্রতি সাধারণ মানুষের আস্থা রয়েছে।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Link copied!