নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৯:৫৭ পিএম
শনিবার ২৩, মে ২০২৬ -- : -- --
নোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী
দায়িত্ব গ্রহণের পর থেকেই ধারাবাহিক মতবিনিময় ও প্রশাসনিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ কার্যদিবসেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও প্রশাসনিক সংশ্লিষ্টদের নিয়ে টানা ১০টি মতবিনিময় সভা করে আলোচনায় এসেছেন তিনি।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রশাসনিক গতি বৃদ্ধি, একাডেমিক পরিবেশ উন্নয়ন, গবেষণার প্রসার এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যেই এসব সভার আয়োজন করা হয়েছে। এসব সভায় উপাচার্য অংশগ্রহণকারীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দ্বিতীয় কার্যদিবসে গত ১৮ মে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে ১৯ মে বিভিন্ন সেমিস্টারের শ্রেণি প্রতিনিধিদের (সিআর) সঙ্গে সভা করেন তিনি।
এছাড়া ২০ মে ছিল সবচেয়ে ব্যস্ত দিন। এদিন অনুমোদিত ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক, হল প্রভোস্ট ও সহকারী প্রভোস্টদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন উপাচার্য। একই দিনে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও একাডেমিক মাস্টার প্ল্যান প্রণয়নসংক্রান্ত স্টেকহোল্ডার সেমিনারেও উপস্থিত ছিলেন তিনি।
এদিকে, কিছু শিক্ষার্থীর মতে, মতবিনিময় সভাগুলো ইতিবাচক উদ্যোগ হলেও বিশ্ববিদ্যালয়ের জরুরি সমস্যা সমাধানে দ্রুত দৃশ্যমান পদক্ষেপও প্রয়োজন।
মতবিনিময় সভাগুলোতে উপাচার্য বলেন, "বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণাবান্ধব ও শিক্ষার্থীকেন্দ্রিক প্রতিষ্ঠানে রূপ দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে প্রথম এসেছি, আমার দায়িত্ব হচ্ছে সবার সঙ্গে বসা এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে তারা কী ভাবছে তা জানা। এছাড়া তাদের কাছ থেকে আমি বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা নিয়েছি। তারা যে মতামত দিয়েছে, সেই মতামতের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব। মতবিনিময় সভার উদ্দেশ্য হচ্ছে সবার সঙ্গে পরিচিত হওয়া এবং বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সংকট সম্পর্কে অবগত হওয়া।"