প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা চলার মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার ইরান প্রতিবেশী বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক রাডারব্যবস্থায় হামলা চালানোর কথা জানায়। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে।
যুদ্ধের অবসানে মধ্যস্থতাকারী ওমান ও কাতারের সঙ্গে তেহরানের আলোচনা চলছে। তবে সর্বশেষ এই পাল্টাপাল্টি হামলা প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে কঠিন বাস্তবতাকে সামনে এনেছে।
এ যুদ্ধ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে, বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। এর প্রভাব পড়েছে নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনেও। ওই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। দলটি মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। দেশটি জানিয়েছে, তারা ইরানের হামলা প্রতিহত করেছে। এতে কেউ হতাহত হননি বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সেনাসদস্য ও স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার জবাবে মার্কিন যুদ্ধবিমান হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে।
তবে ইরানের সংবাদমাধ্যম দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওই হামলায় আইআরজিসির অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে একই দিন আইআরজিসি জানায়, তারা বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক রাডারব্যবস্থায় হামলা চালিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ থাকা এবং শিয়া ধর্মীয় নেতাদের বিষয়ে নেতিবাচক অবস্থান নেওয়ার জন্য বাহরাইনকে সতর্ক করেছে তারা।
এদিকে, চলমান কূটনৈতিক আলোচনা নিয়ে কাতারের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, ‘দুই পক্ষের দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয় এবং আলোচনার টেবিলে উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্যকার ব্যবধান কমানোর’ লক্ষ্যে গতকাল কাতার ও ইরানের কর্মকর্তারা বৈঠক করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ওমান সফরের সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সামুদ্রিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, বৈশ্বিক নৌপরিবহন ও বাণিজ্য নির্বিঘ্ন রাখা এবং সামরিক উত্তেজনা বৃদ্ধি ঠেকানোর বিষয়ে আলোচনা করেন আরাগচি।
ওমান ও ইরান হরমুজ প্রণালির দুই তীরে অবস্থিত। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হতো। তবে যুদ্ধ শুরুর পর ইরান প্রণালিটি কার্যত অচল করে দিয়েছে।
এর আগেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা করেছে ওমান।
বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আরাগচি জানান, তিনি ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গেও বৈঠক করেছেন। এ সময় ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের অবসানে তেহরানের কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে তাঁকে অবহিত করেন।
তথ্যসূত্র: রয়র্টাস
