মঙ্গলবার ১৭, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ১৭, নভেম্বর ২০২৬ -- : -- --

শীত মৌসুমে ইউক্রেনে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

শীত যত ঘনিয়ে আসছে, ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কাও তত বাড়ছে। দেশটির বিদ্যুৎ অবকাঠামোয় ধারাবাহিক হামলার কারণে দুর্বল হয়ে পড়ছে জ্বালানি সরবরাহব্যবস্থা। এতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে আসন্ন শীত মৌসুমে ইউক্রেনে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন ৩৮টি দেশের পারমাণবিক নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা। সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা রাশিয়াকে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা বন্ধের আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে পারমাণবিক চুল্লির জ্বালানি ঠান্ডা রাখার ব্যবস্থা ব্যাহত হতে পারে। চুল্লি বন্ধ থাকলেও এর ভেতরের জ্বালানি থেকে তাপ উৎপন্ন হতে থাকে। তাই জ্বালানি ঠান্ডা রাখতে নিয়মিত পানি সঞ্চালন প্রয়োজন। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে এ শীতলীকরণ ব্যবস্থা অচল হওয়ার আশঙ্কা রয়েছে। এতে চুল্লির জ্বালানি অতিরিক্ত গরম হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। একপর্যায়ে চুল্লি থেকে তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হতে পারে।

এ ধরনের উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় রেডিওলজিক্যাল সুরক্ষা কর্তৃপক্ষের প্রধানদের সংগঠন হেরকা, পশ্চিম ইউরোপীয় পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা ওয়েনরা এবং নর্ডিক রেডিয়েশন সেফটি কর্তৃপক্ষের সংগঠন নোরা। এসব সংগঠনের প্রতিনিধিরা ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তাদের মতে, সাম্প্রতিক সময়ে রাশিয়ার হামলা আরও প্রাণঘাতী হয়ে উঠেছে। বিশেষ করে বেশি বিস্ফোরক বহনে সক্ষম ও নির্ভুলভাবে আঘাত হানতে পারে-এমন ড্রোন ব্যবহারের ফলে ঝুঁকি আগের তুলনায় বেড়েছে।

হেরকা ও নোরার প্রধান পার স্ট্র্যান্ড বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পুরো ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা একসঙ্গে অচল হয়ে পড়লে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এতে দেশটির চালু থাকা নয়টি পারমাণবিক চুল্লিই ঝুঁকির মুখে পড়তে পারে। এখনই রাশিয়ার হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব বলে মনে করেন তিনি।

পারমাণবিক দুর্ঘটনার ভয়াবহতা ইউক্রেনের জন্য নতুন নয়। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল দেশটির চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বেসামরিক পারমাণবিক দুর্ঘটনা হিসেবে পরিচিত ওই ঘটনায় তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে ইউক্রেন, বেলারুশ, রাশিয়া ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে।

আয়োডিন-১৩১, সিজিয়াম-১৩৪ ও সিজিয়াম-১৩৭ ছড়িয়ে পড়ার ফলে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি হয়।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, গত সপ্তাহে সামরিক তৎপরতার কারণে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহে অস্থিরতা তৈরি হয়। এতে কয়েকটি চালু পারমাণবিক চুল্লির বিদ্যুৎ উৎপাদন কমাতে হয়েছে।

ইউক্রেনে চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এর মধ্যে তিনটি চালু রয়েছে। শীতকালে দেশটির মোট বিদ্যুতের প্রায় ৮০ শতাংশ এসব কেন্দ্র থেকে সরবরাহ করা হয়। অন্যদিকে, ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

Link copied!