রবিবার ১৯, জুলাই ২০২৬

রবিবার ১৯, জুলাই ২০২৬ -- : -- --

তুরস্কে নোবিপ্রবি উপাচার্য, পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হবে সমঝোতা স্মারক

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৪:০২ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে তুরস্ক সফরে গেছেন। পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের আয়োজিত ইরাসমাস স্টাফ মোবিলিটি কর্মসূচিতে অংশগ্রহণ এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের উদ্দেশ্যে তিনি শনিবার (১৮ জুলাই) ঢাকা ত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নোবিপ্রবি ও পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে শিক্ষা ও গবেষণা সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, আন্তর্জাতিক প্রকাশনা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

সফরকালে উপাচার্য পামুক্কালে বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। বক্তব্যে তিনি নোবিপ্রবির শিক্ষা ও গবেষণায় অর্জিত সাফল্য, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে অবস্থান, বৈশ্বিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন।

জানা গেছে, অধ্যাপক ড. গোলাম রব্বানী ১৯ থেকে ২৫ জুলাই পর্যন্ত তুরস্কে অবস্থান করবেন এবং আগামী ২৬ জুলাই দেশে ফিরবেন।

উল্লেখ্য, আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক সহযোগিতা সম্প্রসারণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্টদের মতে, উপাচার্যের এ সফর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক যোগাযোগ ও বৈশ্বিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!