সোমবার ২৯, জুন ২০২৬

সোমবার ২৯, জুন ২০২৬ -- : -- --

ঢাবির ১ হাজার ৪২২ কোটি টাকার বাজেট, নেই ইউজিসির গবেষণা বরাদ্দ

ঢাবি থেকে আরিফ জাওয়াদ

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১০:১৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বার্ষিক সিনেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয়। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৪২২ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকার বাজেট উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত এই বাজেটের অর্ধেকের বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা খাতে। অন্যদিকে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ২১ কোটি ৩ লাখ টাকা, যা মোট প্রস্তাবিত বাজেটের ২ দশমিক ০৪ শতাংশ। তবে এ অর্থবছরে গবেষণা খাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে কোনো বরাদ্দ রাখা হয়নি।

সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনের সূচনা পর্বে বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রস্তাবিত বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ৮৫ কোটি টাকা। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ন্যূনতম পর্যায়ে পরিচালনার জন্য ২০২৬-২০২৭ অর্থবছরে কমপক্ষে ৮৩ কোটি ৮৫ লাখ ৪৫ হাজার টাকার আর্থিক ঘাটতি থাকবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।

বাজেট উপস্থাপনকালে গবেষণা খাতে ইউজিসির বরাদ্দ না পাওয়া প্রসঙ্গে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যোগ্য মানব-সম্পদ ধরে রাখতে শিক্ষকদের জন্য মর্যাদাপূর্ণ বেতন, প্রতিযোগিতামূলক গবেষণা ভাতা ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের অপরিহার্য দাবি। দুঃখজনকভাবে, পর্যাপ্ত অর্থায়নের অভাবে গবেষণা খাতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা যাচ্ছে না। ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে গবেষণা খাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে কোনো বরাদ্দ পাওয়া যায়নি, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দুঃখজনক।’

গবেষণা ও মানবসম্পদ খাতে বিশেষ অনুদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অর্থনৈতিক পুনরুদ্ধার ও টেকসই প্রবৃদ্ধির এই সন্ধিক্ষণে উচ্চশিক্ষা ও গবেষণায় বিনিয়োগ জাতিকে দীর্ঘমেয়াদে বহুগুণ প্রতিদান দেবে। আমি বিনীতভাবে আহ্বান জানাই, উচ্চশিক্ষা ও গবেষণাকে নিছক ব্যয় হিসেবে নয়, বরং জাতির ভবিষ্যৎ বিনির্মাণে দীর্ঘমেয়াদি ও কৌশলগত বিনিয়োগ হিসেবে বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও মানব-সম্পদ খাতে বিশেষ অনুদান প্রদান করা হোক।’

অধিবেশনে অভিভাষণ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষ ২০০ একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ, প্রভাবশালী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করা। এ কথা অনস্বীকার্য যে, কেবল পরিকল্পনা নয়, প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা, ঐক্যবদ্ধ অঙ্গীকার এবং সঠিক বাস্তবায়ন। আমরা বিশ্বাস করি, এই ভিশন ও মিশন ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করবে, এবং এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জ্ঞান, উদ্ভাবন ও মানবিক নেতৃত্বের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।’

Link copied!