সোমবার ১৫, জুন ২০২৬

সোমবার ১৫, জুন ২০২৬ -- : -- --

২০ জুন পর্যন্ত ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৮:৪৩ এএম

প্রতীকী ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ২০ জুন পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন।

রোববার (১৪ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা ১৩ জুন থেকে ২০ জুন পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করে তা কলেজে জমা দিতে পারবেন। এরপর ২১ ও ২২ জুন কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের তথ্য যাচাই ও নিশ্চিত করবে। আর ২৩ জুন থেকে ২৫ জুনের মধ্যে সোনালী সেবার মাধ্যমে কলেজগুলো ফি জমা দিতে পারবে।

নির্ধারিত সময়ের মধ্যেই ফরম পূরণের সব কার্যক্রম শেষ করতে হবে। সময়সীমা অতিক্রম হলে ফরম পূরণের অনলাইন কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাই শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, পূর্বঘোষিত সময়ের মধ্যে যেসব কলেজ ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে পারেনি, তারা বর্ধিত সময়ে প্রয়োজনীয় কাজ শেষ করার সুযোগ পাবে। তবে গত ১৭ মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

Link copied!