সোমবার ১৫, জুন ২০২৬

সোমবার ১৫, জুন ২০২৬ -- : -- --

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৮:৫৪ এএম

ছবি: সংগৃহীত

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় জামালপুরের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মাফল। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা গ্রামের বাসিন্দা এবং বানু মিয়ার ছেলে। রোববার (১৪ জুন) তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস ১২ দিন আগে জীবিকার সন্ধানে রাশিয়ায় পাড়ি জমান মাফল। তবে স্বজনদের অভিযোগ, তাকে রাজমিস্ত্রির চাকরির প্রলোভন দেখিয়ে সেখানে নেওয়া হলেও পরে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্র বলছে, গত ২৯ মে থেকে মাফলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর রোববার তারা জানতে পারেন যে ইউক্রেনের ড্রোন হামলায় তিনি প্রাণ হারিয়েছেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাশিয়ায় যাওয়ার পর মাফল একাধিকবার ফোনে জানিয়েছিলেন যে তাকে প্রতিশ্রুত কাজ দেওয়া হয়নি। বরং তাকে যুদ্ধের এলাকায় পাঠানো হয়েছে। সে সময় তিনি পরিবারের কাছে দোয়া চেয়েছিলেন বলেও তারা জানান।

নিহতের চাচা আনিস অভিযোগ করেন, একটি এজেন্সির মাধ্যমে মাফল রাশিয়ায় গিয়েছিলেন। তাকে নির্মাণকাজে নিয়োগের কথা বলা হলেও পরে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।

তিনি বলেন, ভবিষ্যতে যেন আর কোনো বাংলাদেশি এমন প্রতারণার শিকার না হন, সে জন্য সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

মাফলের ভাই আশরাফুল ইসলাম বলেন, প্রায় এক মাস ১২ দিন আগে তার ভাই রাশিয়ায় গিয়েছিলেন। রোববার তারা তার মৃত্যুর খবর পেয়েছেন। তিনি সরকারের সহযোগিতায় মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

নিহতের বোন আছিয়া জানান, তার ভাইসহ প্রায় ৩০ জন বাংলাদেশি একসঙ্গে রাশিয়ায় গিয়েছিলেন। পরে তাদের একটি সেনা ক্যাম্পে পাঠানো হয়। তার দাবি, মাফল সেখান থেকে ফিরে আসার জন্য অনেক অনুরোধ করলেও কেউ তার কথা শোনেনি। তিনি ভাইয়ের মরদেহ দ্রুত দেশে আনার আহ্বান জানান।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Link copied!