মঙ্গলবার ১৬, জুন ২০২৬

মঙ্গলবার ১৬, জুন ২০২৬ -- : -- --

রোহিঙ্গা শিক্ষকদের ভাষা প্রশিক্ষণে ঢাবির সাফল্য, সহযোগিতা বাড়াতে চায় ইউনেস্কো

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ১০:২০ পিএম

সংগৃহীত ছবি

রোহিঙ্গা শিক্ষকদের বার্মিজ ভাষা প্রশিক্ষণ প্রকল্প সফলভাবে বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভবিষ্যতে আরও বিস্তৃত সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ইউনেস্কো বাংলাদেশ। ভাষা শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগেও যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (১৫ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ইউনেস্কো বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান নরিহিদে ফুরুকাওয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে কর্মরত শিক্ষকদের জন্য পরিচালিত বার্মিজ ভাষা প্রশিক্ষণ প্রকল্পের অগ্রগতি, অর্জন এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, অধ্যাপক ড. সাঈদুর রহমান, ড. মো. মনির উদ্দিন, জান্নাতুন নাহার, ইউনেস্কোর কক্সবাজার সাব-অফিসের প্রধান জেমস রাসেল এবং শিক্ষা বিষয়ক ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ধনা রঞ্জন ত্রিপুরাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জুলাই ২০২৪ থেকে জুন ২০২৬ পর্যন্ত বাস্তবায়িত প্রকল্পটির মূল লক্ষ্য ছিল রোহিঙ্গা শিক্ষকদের বার্মিজ ভাষায় দক্ষ করে তোলা, যাতে তারা মিয়ানমার কারিকুলাম কার্যকরভাবে পাঠদান করতে পারেন। একই সঙ্গে রোহিঙ্গা শিশুদের ভবিষ্যতে মিয়ানমারের মূলধারার শিক্ষা ব্যবস্থা ও সমাজে পুনঃএকীভূত হওয়ার প্রস্তুতি জোরদার করাও ছিল এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

ইউনেস্কো বাংলাদেশের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পে মোট ২ হাজার ২২১ জন রোহিঙ্গা শিক্ষক প্রশিক্ষণ লাভ করেন। প্রকল্প বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (সিওডিইসি)। কারিগরি অংশীদার হিসেবে দায়িত্ব পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল)। এছাড়া শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এবং কক্সবাজার শিক্ষা সেক্টর প্রকল্পটিকে কৌশলগত সহায়তা প্রদান করেছে।

প্রকল্পের কারিগরি কার্যক্রম পরিচালনায় অধ্যাপক ড. সাঈদুর রহমানের নেতৃত্বে গঠিত দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দলটি পাঠ্যক্রম উন্নয়ন, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) প্রণয়ন, প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানদণ্ডভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা উন্নয়নে কাজ করে। এ দলে অধ্যাপক ড. মোহাম্মদ আনসারুল আলম, ড. মো. মনির উদ্দিন এবং জান্নাতুন নাহার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষা, গবেষণা এবং দক্ষতা উন্নয়নমূলক মানবিক কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে ইউনেস্কোর সঙ্গে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

Link copied!