প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৮:২৯ এএম
দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২৬-২৭ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। গত ১১ জুন ইউজিসির ১৮৭তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট চূড়ান্ত করা হয়।
অনুমোদিত বাজেটের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য বরাদ্দ করা হয়েছে ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়গুলোর এ বরাদ্দের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা পরিচালন বা রাজস্ব ব্যয়ের জন্য এবং ৪৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা রাখা হয়েছে।
গবেষণা বাজেটে নতুন পরিবর্তন
ইউজিসি জানিয়েছে, গবেষণা খাতে বরাদ্দের পুনরাবৃত্তি কমাতে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা তহবিল এবং ইউজিসির গবেষণা বাজেট একীভূত করা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয় ২০২৬ সালের ৪ এপ্রিল অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মধ্যমেয়াদি বাজেট কাঠামো সংক্রান্ত ত্রিপক্ষীয় সভায়।
এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতের ২০০ কোটি টাকা ইউজিসির বাজেটে স্থানান্তরিত হয়েছে। এতে ইউজিসির গবেষণা খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকা। পাশাপাশি বৈদেশিক স্কলারশিপ কর্মসূচির জন্য ১২ কোটি টাকা যুক্ত হওয়ায় এ খাতে মোট বরাদ্দ এখন ২৩৮ কোটি টাকা।
রাজস্ব বাজেটে শীর্ষে যে বিশ্ববিদ্যালয়গুলো
রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির জন্য বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা। এরপর রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (৫০৩ কোটি ৪৭ লাখ টাকা) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৩৪৮ কোটি ৭০ লাখ টাকা)।
এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পেয়েছে ৩৫২ কোটি ১২ লাখ টাকা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২৮০ কোটি ৪৭ লাখ টাকা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২৭৩ কোটি ৩২ লাখ টাকা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ৪৮১ কোটি ৪৭ লাখ টাকা।
সাধারণ ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়সমূহ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ১৮৮ কোটি ৪০ লাখ টাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮৬ কোটি ৬০ লাখ টাকা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮২ কোটি ৯২ লাখ টাকা। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) পেয়েছে ১৪৯ কোটি ৩৩ লাখ টাকা।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের জন্য ৬৮ কোটি ৩৬ লাখ টাকা, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের জন্য ৫৪ কোটি ৫৪ লাখ টাকা, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের জন্য ৪৮ কোটি ৫২ লাখ টাকা এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য ১৩ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ পেয়েছে ১৯ কোটি ৮৮ লাখ টাকা এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৮ কোটি ২০ লাখ টাকা।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর বরাদ্দ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে ১৮৬ কোটি ৬৬ লাখ টাকা। এছাড়া হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৩৩ কোটি ৪১ লাখ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১৫ কোটি ৭২ লাখ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১২১ কোটি ২৯ লাখ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১৮ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ৯৮ কোটি ৭৮ লাখ টাকা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ৬৮ কোটি ৫৪ লাখ টাকা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ৭৮ কোটি ৭৪ লাখ টাকা এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ৪৮ কোটি ৫৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন প্রতিষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে ২১ কোটি ৯০ লাখ টাকা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮ কোটি ৭৩ লাখ টাকা, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ কোটি ৬৭ লাখ টাকা, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬ কোটি ৫০ লাখ টাকা এবং বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭ কোটি ১৮ লাখ টাকা।
প্রকৌশল, কৃষি ও মেডিকেল বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) জন্য ১১০ কোটি ৪০ লাখ টাকা, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) জন্য ৯৬ কোটি ৩২ লাখ টাকা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) জন্য ১২৭ কোটি ৪৫ লাখ টাকা এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) জন্য ৯৭ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পেয়েছে ১৪২ কোটি ৮৯ লাখ টাকা, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ১০২ কোটি ৮২ লাখ টাকা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৮৯ কোটি ৮২ লাখ টাকা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ৩০ কোটি ৭৫ লাখ টাকা, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ১৭ কোটি ৫০ লাখ টাকা এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ১৫ কোটি ৩১ লাখ টাকা।
অন্যদিকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পেয়েছে ১৭৯ কোটি ২৫ লাখ টাকা। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য ১৩ কোটি ৭৭ লাখ টাকা, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য ৮ কোটি ১৭ লাখ টাকা, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য ১৩ কোটি ৩৪ লাখ টাকা এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য ৬৩ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
তুলনামূলকভাবে কম বরাদ্দ পাওয়া বিশ্ববিদ্যালয়
নতুন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় পেয়েছে ১৪ কোটি ৭৪ লাখ টাকা, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ১১ কোটি ৩ লাখ টাকা, নওগাঁ বিশ্ববিদ্যালয় ৯ কোটি ৭৬ লাখ টাকা, মেহেরপুর বিশ্ববিদ্যালয় ৮ কোটি ৬১ লাখ টাকা এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ৯ কোটি ১২ লাখ টাকা। এছাড়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য ২১ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয় পেয়েছে ৬২ কোটি ৮৭ লাখ টাকা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৭৯ কোটি ৭২ লাখ টাকা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ৭৫ কোটি ২০ লাখ টাকা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৮২ কোটি ৮১ লাখ টাকা।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য রাজস্ব খাতে ২৪ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
এই বাজেটের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা, গবেষণা কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর জন্য উল্লেখযোগ্য অর্থায়নের ভিত্তি তৈরি হলো।
