সোমবার ১৫, জুন ২০২৬

সোমবার ১৫, জুন ২০২৬ -- : -- --

৫ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে কম বরাদ্দ রুয়েটের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৮:৩৮ এএম

ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর জন্য ৯৬ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে, যা দেশের পাঁচটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন। নতুন অর্থবছরে দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর জন্য মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অনুমোদিত বাজেটের মধ্যে পরিচালন বা রাজস্ব খাতে বরাদ্দ রয়েছে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা। পাশাপাশি ৪৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য রাখা হয়েছে ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা।

ইউজিসির তথ্য অনুযায়ী, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), যার পরিমাণ ২৮০ কোটি ৪৭ লাখ টাকা। এরপর রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)—১২৭ কোটি ৪৫ লাখ টাকা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—১১০ কোটি ৪০ লাখ টাকা এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ৯৭ কোটি ৬ লাখ টাকা। তালিকার শেষ অবস্থানে রয়েছে রুয়েট, যার বরাদ্দ ৯৬ কোটি ৩৩ লাখ টাকা।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দীর্ঘদিন ধরে বাজেট সীমাবদ্ধতার কারণে রুয়েটে বিভিন্ন খাতে জনবল ঘাটতি বিদ্যমান। বিশেষ করে নিরাপত্তা ও পরিবহনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে পর্যাপ্ত কর্মী না থাকায় নিয়মিত কার্যক্রম পরিচালনায় নানা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।

এদিকে নতুন অর্থবছরেও তুলনামূলক কম বরাদ্দ পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা এবং প্রশাসনিক কার্যক্রমের বিস্তৃতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের জন্য আরও বড় বাজেট বরাদ্দ হওয়া উচিত ছিল।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে রুয়েটের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা, জনবল সংকট দূর করা এবং শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ করতে বরাদ্দ বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

Link copied!