প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম
গাইবান্ধার পলাশবাড়ীতে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের বিগ্রহ নির্মাণে বাধা এবং ধর্মীয় অবমাননার অভিযোগের প্রতিবাদে মৌন প্রতিবাদ কর্মসূচি ও সংহতি সমাবেশ পালন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সনাতনী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘সনাতনী শিক্ষার্থীবৃন্দ, হাবিপ্রবি’ ব্যানারে আয়োজিত এ শান্তিপূর্ণ কর্মসূচিতে বিভিন্ন অনুষদের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, "আমরা হাবিপ্রবির সনাতনী শিক্ষার্থীরা আমাদের ধর্মের মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের অবমাননা তথা সনাতন ধর্মের অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আমরা বাংলাদেশীরা শান্তিপ্রিয়, সাম্প্রদায়িক সম্প্রীতিময় জাতি। আমরা চাইনা, আমাদের এই শান্তিতে কেউ বিভেদ সৃষ্টি করুক।কিছু উগ্রবাদী ব্যাক্তির এইসব কর্মকান্ড, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্তরায়। এ ধরনের অবমাননাকারীদের আমরা বিচার চাই। কিন্তু উক্ত বিষয়ের প্রেক্ষিতে আমরা প্রশাসনের কোন বিচার কিংবা যথাযথ পদক্ষেপ আমরা লক্ষ্য করি নাই। আমরা হাবিপ্রবির সনাতনী শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে যথাযথ বিচার ও পদক্ষেপ আশা করি।"
শিক্ষার্থীরা আরও বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা ও ধর্মীয় সহাবস্থান রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সচেতন অবস্থান নেওয়ার আহ্বান জানান।
মৌন প্রতিবাদ ও সংহতি সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সনাতনী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
