রবিবার ১৭, মে ২০২৬

রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --

আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১০:০৭ পিএম

সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১৬ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, 'অধ্যাপক মো. হাসিবুর রশীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।'

ওসি আরও বলেন, 'আজ শনিবার সন্ধ্যায় ঢাকার সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।' তিনি জানান, তাঁর বিরুদ্ধে আরও মামলা আছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং দ্রুত তাঁকে আদালতে পাঠানো হবে।

অধ্যাপক হাসিবুর রশীদ জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২-এর রায়ে দণ্ডিত হন। চলতি বছরের ৯ এপ্রিল মামলার রায়ে ৩০ আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে অধ্যাপক হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে গত বছরের ৩০ জুন তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ। ওই দিন উপাচার্য হাসিবুর রশীদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা তাঁর বাসভবন ঘেরাও করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।

তবে সঙ্গে সঙ্গে পদত্যাগ না করে সরকার পতনের চার দিন পর, ২০২৪ সালের ৯ আগস্ট তিনি উপাচার্যের পদ থেকে সরে দাঁড়ান। সেদিন ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।

উল্লেখ্য, অধ্যাপক হাসিবুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক ছিলেন। ২০২১ সালের ১৪ জুন তাঁকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার।

Link copied!