প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৩:৪৩ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও বিকেন্দ্রীকরণ করতে দেশের পাঁচ জেলার অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার সব কলেজকে এখন থেকে গাজীপুরের মূল ক্যাম্পাসের পরিবর্তে ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে তাদের দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করতে হবে।
শুক্রবার (২২ মে) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জারি করা এক ‘অতীব জরুরি’ অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, চেয়ারম্যান, অ্যাকাডেমিক কমিটিসহ অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম সহজ ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রটির ঠিকানা হলো-জাহানারা আজিজ ম্যানশন (বাসা/হোল্ডিং নং-০০২৬-০৫-০২), গ্রাম গোয়ালচামট, বরিশাল রোড, ফরিদপুর-৭৮০০।
নির্দেশনায় আরও বলা হয়েছে, আদেশ জারির দিন থেকেই সংশ্লিষ্ট জেলার সব ধরনের দাপ্তরিক কার্যক্রম ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালনা করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া, চিঠি জারির তারিখ থেকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষরযুক্ত আবেদন পরিচালক, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জেএস
