প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০২:৪০ পিএম
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘শিক্ষার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবে না সরকার। ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।’
আজ বুধবার ( ১৩ মে) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষাব্যবস্থার বিভিন্ন স্তরে বিদ্যমান জট দূর করতে পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ‘১০ বছরের মধ্যেই এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।’
তিনি জানান, আজ একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করা হবে কীভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার পূর্ণ সিলেবাস সম্পন্ন করে সময় নষ্ট না করে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া যায়।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের উৎপাদনশীল মানবসম্পদ তৈরিতে শিক্ষাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এজন্য শিক্ষার মানোন্নয়ন, সময়োপযোগী পাঠক্রম এবং অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি টেকসই জ্বালানি ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
