সোমবার ১১, মে ২০২৬

সোমবার ১১, মে ২০২৬ -- : -- --

পাকিস্তান-বাংলাদেশ এডুকেশন এক্সপো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৩:৩২ পিএম

ছবি। পিআইডি

বাংলাদেশ-পাকিস্তান জ্ঞান করিডোর উদ্যোগের অংশ হিসেবে রাজধানী ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘পাকিস্তান এডুকেশন এক্সপো-২০২৬’। সোমবার (১১ মে) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ শিক্ষা মেলার কার্যক্রম শুরু হয়।

এডুকেশন এক্সপোতে পাকিস্তানের ২০টিরও বেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। এসব বিশ্ববিদ্যালয় তাদের বিভিন্ন শিক্ষাক্রম, গবেষণা কার্যক্রম, স্কলারশিপ ও উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা তুলে ধরছে। মেলায় আগত শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের কাছ থেকে ভর্তি, টিউশন ফি, স্কলারশিপ ও ক্যারিয়ার সংক্রান্ত তথ্য ও পরামর্শ গ্রহণের সুযোগ পাচ্ছেন।

মেলায় মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি, ব্যবসায় প্রশাসনসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ তুলে ধরা হচ্ছে। বিশেষ করে পাকিস্তান সরকারের ‘আল্লামা ইকবাল স্কলারশিপ’ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর উদ্যোগ দুই দেশের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণে উৎসাহিত করেন।

আয়োজকরা জানিয়েছেন, ঢাকার পর আগামী ১০ দিনের মধ্যে রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামেও এ শিক্ষা মেলার আয়োজন করা হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা আন্তর্জাতিক উচ্চশিক্ষা বিষয়ে সরাসরি তথ্য পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইমরান হায়দার, শিক্ষাসচিব আব্দুল খালেক, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!