ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০৬:০৩ পিএম
শনিবার ০৯, মে ২০২৬ -- : -- --
যবিপ্রবির হল। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছেলেদের আবাসিক হল মুন্সি মেহেরুল্লাহ হলে লিফটের যান্ত্রিক ত্রুটিতে ১১ শিক্ষার্থী আটকা পড়ার ঘটনা ঘটেছে। প্রায় ২০ মিনিট পর তাঁদের উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থী হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যায় কয়েকজন শিক্ষার্থী লিফটে করে নিচে নামার সময় হঠাৎ সেটি মাঝপথে আটকে যায়। সে সময় লিফটের ভেতরে মুন্সি মেহেরুল্লাহ হলের প্রায় ১১ জন আবাসিক শিক্ষার্থী ছিলেন। দীর্ঘ সময় বদ্ধ পরিবেশে আটকে থাকায় তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গরম ও শ্বাসকষ্টে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ করেন তাঁরা।
পরে আটকে পড়া শিক্ষার্থীরা ফোনে লিফট অপারেটরকে বিষয়টি জানান। খবর পেয়ে অপারেটর এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তবে শিক্ষার্থীদের বের করে আনতে প্রায় ২০ মিনিট সময় লাগে।
এ ঘটনায় ভুক্তভোগী নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম হাসান হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
নাঈম হাসান বলেন, “আজ মাগরিবের নামাজে যাওয়ার সময় আমরা প্রায় ১১ জন লিফটে উঠে দীর্ঘ সময় আটকে পড়ি। দ্রুত জানানো হলেও উদ্ধার করতে প্রায় ২০ মিনিট সময় লেগেছে। ভেতরে আতঙ্ক, গরম ও শ্বাসকষ্টে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। এটি নতুন কোনো ঘটনা নয়; এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। অথচ প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। আজ বড় ধরনের দুর্ঘটনা ঘটলে এর দায় কে নিত? শিক্ষার্থীদের জীবন নিয়ে আর অবহেলা নয় দ্রুত নিরাপদ ও স্থায়ী সমাধান নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট আব্দুর রউফ সরকার বলেন, “আমি গতকাল লিখিত অভিযোগটি পেয়েছি। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমরা শিক্ষার্থীদের উদ্ধারে লিফট অপারেটরদের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। লিফটসংক্রান্ত এই জটিলতা কমানোর লক্ষ্যে আপাতত তিন তলা পর্যন্ত লিফট ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া লিফট অপারেটরদের
সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার শাফাওয়াতের সঙ্গেও কথা বলেছি, যাতে ভবিষ্যতে এ ধরনের সমস্যা আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়। হলের লিফটে শিক্ষার্থী আটকা পড়ার ঘটনাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।”
লিফটসংক্রান্ত জটিলতা নিয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার সাফাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, “লিফট পরিচালনার ক্ষেত্রে এ ধরনের সাময়িক জটিলতা খুবই সাধারণ বিষয়। এটি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়।”