নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৭:১০ পিএম
মঙ্গলবার ০৫, মে ২০২৬ -- : -- --
নোবিপ্রবি
অর্থ সংকটের কারণে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। এতে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স (ছাত্র-ছাত্রী) ও বাস্কেটবল (ছাত্র) প্রতিযোগিতা চলছে। সোমবার (৪ মে) সকাল ১০টায় কেন্দ্রীয় অ্যাথলেটিক্স মাঠে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এ প্রতিযোগিতা ৬ মে পর্যন্ত চলবে।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আসরে ৩০টি ইভেন্টে দেশের ২১টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। বর্ণাঢ্য আয়োজন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
তবে এমন বড় আয়োজনেও অংশ নিতে পারেনি নোবিপ্রবি। বিশ্ববিদ্যালয়টির খেলোয়াড়রা অভিযোগ করেছেন, আর্থিক সংকটের কারণে তাদের দল পাঠানো হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খেলোয়াড় বলেন, “আমরা দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছি। কিন্তু শেষ মুহূর্তে অর্থের অভাব দেখিয়ে অংশগ্রহণ বাতিল করা হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক।”
নোবিপ্রবি স্পোর্টস ক্লাবের সভাপতি জাহিদুল হক বলেন, “আমরা শরীরচর্চা বিভাগকে বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু তারা অর্থ সংকটের কথা বলে। একটি বিশ্ববিদ্যালয় ২০ বছর পার করেও খেলোয়াড়দের একটি টুর্নামেন্টে পাঠাতে না পারা দুঃখজনক।”
স্পোর্টস ক্লাবের সেক্রেটারি মো. আবু তাহের বলেন, “একজন অ্যাথলেটের জন্য এটি শুধু প্রতিযোগিতা নয়, এটি নিজের দক্ষতা প্রমাণের সুযোগ। কিন্তু বারবার অর্থ সংকটের কথা শুনতে হয়, যা কষ্টদায়ক।”
এ বিষয়ে শরীরচর্চা দপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান বলেন, বিষয়টি পরিচালকের সঙ্গে আলোচনা করতে হবে। তবে পরিচালক ড. রুহুল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন দল অংশ নিতে যাচ্ছে। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অ্যাথলেটিক্স প্রতিযোগিতার জন্য আমাদের কোনো কোয়ালিফাইড দল সুপারিশ বা আগ্রহ প্রকাশ করেনি।”
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ আর্থিক সংকটকে দায়ী করছেন, আবার কেউ বলছেন যোগ্য দল না থাকায় অংশগ্রহণ হয়নি।