শনিবার ০৯, মে ২০২৬

শনিবার ০৯, মে ২০২৬ -- : -- --

ভিসি পরিবর্তনের আলোচনায় উত্তপ্ত ডুয়েট, নিজস্ব শিক্ষক চান শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০৬:১৩ পিএম

ভিসি পরিবর্তনের আলোচনায় উত্তপ্ত ডুয়েট। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য পরিবর্তনের সম্ভাবনাকে ঘিরে ক্যাম্পাসে আলোচনা, উদ্বেগ ও প্রত্যাশা তৈরি হয়েছে। চলমান গুঞ্জনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন উপাচার্য হিসেবে ডুয়েট পরিবারেরই একজন শিক্ষককে দেখতে চাওয়ার কথা জানিয়েছেন।

শিক্ষার্থীদের মতে, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক বাস্তবতা, শিক্ষার্থীদের নানা সংকট এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা রাখেন এখানকার নিজস্ব শিক্ষকরা। সে কারণে নতুন উপাচার্য হিসেবে ডুয়েটের অভ্যন্তরীণ কোনো অভিজ্ঞ ও যোগ্য শিক্ষককে নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয় উপকৃত হবে বলে তারা মনে করছেন।

শিক্ষার্থীদের একটি অংশের আশঙ্কা, বাইরের কোনো প্রশাসক দায়িত্ব পেলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, চলমান উন্নয়ন কার্যক্রম এবং শিক্ষাবান্ধব পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে তারা বলছেন, নেতৃত্বে এমন একজনের আসা প্রয়োজন, যিনি ডুয়েটের সংস্কৃতি ও চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

শিক্ষার্থীদের অনেকে মনে করছেন, বর্তমান সময়ের সিদ্ধান্ত ভবিষ্যতে ডুয়েটের প্রশাসনিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষার্থীরা বলছেন, “ডুয়েটের নেতৃত্ব ডুয়েটের মানুষের হাতেই থাকা উচিত। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ধরে রাখতে অভিজ্ঞ, দক্ষ এবং অভ্যন্তরীণ নেতৃত্বই সবচেয়ে কার্যকর।”

উপাচার্য পরিবর্তনের সম্ভাবনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে বাড়তি নজর ও আগ্রহ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

Link copied!