প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৪:৩২ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পাঁচটি ধাপে Statistical Analysis, Scientific Paper and Thesis Writing শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সকাল ৯.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। হাবিপ্রবির ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি)’র পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান এবং আই আর টি’র সহযোগী পরিচালক প্রফেসর ড. শরীফ মাহমুদসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, বর্তমান বিশ্বে মানসম্মত গবেষণা ও বৈজ্ঞানিক প্রবন্ধ রচনার ক্ষেত্রে দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরী। ছাত্রজীবন থেকেই গবেষণার সাথে যুক্ত হতে পারলে পরবর্তীতে একজন ভালোমানের গবেষক হওয়া সহজ হয়। কারণ, গবেষণার ক্ষেত্রে কিভাবে তথ্য সংগ্রহ করতে হয়, পেপার লিখতে হয় এ বিষয়ে দক্ষতা অর্জন করা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের প্রধানতম কাজ হওয়া উচিত গবেষণা করা। গুণগত মানের গবেষক হওয়ার জন্য গবেষণায় বেশি বেশি সময় দিতে হবে। অনেকে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা নিয়ে গবেষণার কাজ করেন। এতে করে গবেষণার সঠিক মান বজায় থাকে না। ভিসি মহোদয় সময় ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে বলেন, শিক্ষার্থীদের উচিত সুপারভাইজারের তত্ত্বাবধানে শুরু থেকেই গবেষণার পাশাপাশি নিয়মিত রিসার্চ পেপার প্রকাশ করা। পরিশেষে, ভিসি মহোদয় এই আয়োজনের জন্য আইআরটি’র সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
প্রথম দিনে ফিশারিজ এবং ভেটেরেনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের স্নাতকোত্তর পর্যায়ের ১৩২ জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।
