প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০১:৩৯ এএম
কিশোরগঞ্জ সদর উপজেলার উল্লহাটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহেন শাহকে গ্রেফতার করেছে পুলিশ।
কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের উল্লহাটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি মো. শাহেন শাহ (৩৫) উল্লহাটি গ্রামের মো. কামাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর থানার একটি বিশেষ টিম উল্লহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরোয়ানাভুক্ত আসামি শাহেন শাহকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালে কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও শাহেন শাহ ১০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হন। প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে তিনি রশিদাবাদ ইউনিয়নে প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন , শাহেন শাহ রশিদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন সিহাবের ভাতিজা হওয়ায় এলাকায় ব্যপকভাবপ প্রভাব বিস্তার করতেন। সেই প্রভাবকে কাজে লাগিয়ে তিনি অবাধে মাদক ব্যবসা চালিয়ে গেছেন । গ্রামবাসীদের ভাষ্য, তার মাদক কারবারের কারণে সমাজের অনেক তরুণ মাদকের ভয়াবহ ছোবলে বিপথগামী হয়ে পড়ছে।
এলাকাবাসীরা প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক কঠোর অভিযান ও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব। তারা মাদক কারবারিদের বিরুদ্ধে আরও জোরালো অভিযান পরিচালনার দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ সমাজ ধ্বংসের এই অপকর্মে জড়াতে সাহস না পায়।
