আফরিন আক্তার ইতি,বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০৯:৪৮ পিএম
শনিবার ০৯, মে ২০২৬ -- : -- --
এমআরডিআই আয়োজিত কনফারেন্সে ববি’র শিক্ষার্থীবৃন্দ
এমআরডিআই আয়োজিত বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬-এ অংশ নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১ শিক্ষার্থী। সম্মেলনে দেশের গণমাধ্যম, ডিজিটাল সাংবাদিকতা ও এআই নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
মিডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এমআরডিআই) আয়োজিত “বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬” বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজন চলবে ৯ মে পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক, শিক্ষক, গবেষক, উন্নয়নকর্মী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠেছে এবারের সম্মেলন।
আয়োজক সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় চার হাজার সাংবাদিক সম্মেলনে অংশ নিতে নিবন্ধন করেছেন, যা আয়োজকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। তবে সীমিত আসনের কারণে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছেন প্রায় ৪০০ জন সম্পাদক, সাংবাদিক, গবেষক, শিক্ষক, উন্নয়নকর্মী ও শিক্ষার্থী।
সম্মেলনের সব প্লেনারি সেশন, মাস্টারক্লাস এবং আলোচনা অনলাইন প্ল্যাটফর্মেও উন্মুক্ত রাখা হয়েছে। ফেসবুক পেইজ ও কনফারেন্সের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হচ্ছে বিভিন্ন আয়োজন।
এবারের সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকেও অংশ নিয়েছেন ১১ জন শিক্ষার্থী। তাদের সঙ্গে রয়েছেন বিভাগের শিক্ষক জনাব ইমরান হোসেন। তারা সাংবাদিকতা, গণমাধ্যমের বর্তমান বাস্তবতা, ডিজিটাল মিডিয়ার চ্যালেঞ্জ, তথ্যের স্বাধীনতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে আয়োজিত বিভিন্ন সেশন ও আলোচনায় অংশ নিচ্ছেন।
সম্মেলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দেশের খ্যাতনামা সাংবাদিক, সম্পাদক ও মিডিয়া বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তাদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে উঠেছে। প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা, নতুন ধারার সংবাদ পরিবেশন এবং পেশাগত দক্ষতা উন্নয়নে এ আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা মত দেন।
দুই দিনব্যাপী এ কনফারেন্সে বিভিন্ন প্লেনারি সেশন, অভিজ্ঞ সাংবাদিকদের মাস্টারক্লাস, সমসাময়িক গণমাধ্যম ইস্যু নিয়ে আলোচনা এবং অংশগ্রহণকারীদের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগ রাখা হয়েছে। তরুণ সাংবাদিক ও সাংবাদিকতা শিক্ষার্থীদের জন্য এটি দেশের গণমাধ্যম অঙ্গনের অন্যতম বড় প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।