শনিবার ০৯, মে ২০২৬

শনিবার ০৯, মে ২০২৬ -- : -- --

নবীনদের বরণে উৎসবমুখর রুয়েট

মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০২:২২ পিএম

রুয়েটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে উৎসবমুখর আয়োজনে। নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলা সহজ করতে তাদের দেওয়া হয়েছে একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, গবেষণা, নৈতিকতা এবং ক্যাম্পাস সংস্কৃতি বিষয়ে দিকনির্দেশনা। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের উপস্থিতিতে কেন্দ্রীয় অডিটোরিয়াম ছিল প্রাণবন্ত।

শনিবার (৯ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে তিন ধাপে এ নবীনবরণ ও পরিজ্ঞান সভা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে ৮টায় পুরকৌশল অনুষদের, সকাল ৯টা ৫০ মিনিটে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের এবং সকাল ১১টা ১০ মিনিটে যন্ত্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত বিভাগগুলোর নবাগত শিক্ষার্থীদের নিয়ে পৃথক পরিজ্ঞান সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও দপ্তর পরিচালকেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "রুয়েট দেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার শিক্ষার্থীরা দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।" তিনি নবাগতদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার নবীনদের রুয়েট পরিবারে স্বাগত জানিয়ে বলেন, "বিশ্ববিদ্যালয় জীবন শুধু উচ্চশিক্ষার নয়, ব্যক্তিত্ব ও মূল্যবোধ গঠনেরও গুরুত্বপূর্ণ সময়।" তিনি র‌্যাগিং ও বুলিংবিরোধী কঠোর নীতিমালা, স্বাস্থ্যবীমাসহ শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও প্রশাসনিক কর্মকর্তারা নবাগতদের উদ্দেশে বিশ্ববিদ্যালয় জীবনের শৃঙ্খলা, গবেষণা, নৈতিকতা, সহশিক্ষা কার্যক্রম, প্রযুক্তিগত দক্ষতা এবং ইতিবাচক ক্যাম্পাস সংস্কৃতি গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। একই সঙ্গে র‌্যাগিং, বুলিং ও যেকোনো অপ্রীতিকর আচরণের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতির বিষয়েও শিক্ষার্থীদের অবহিত করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, আধুনিকায়ন প্রক্রিয়া, আবাসন সুবিধা সম্প্রসারণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

অনুভূতি প্রকাশ করে তড়িৎ ও টেলিযোগাযোগ কৌশল (ইটিই) বিভাগের নবাগত শিক্ষার্থী আলমাস হোসেন আদিব বলেন, "ঠাকুরগাঁওয়ের গ্রাম থেকে নানা সীমাবদ্ধতার মধ্যেও আত্মবিশ্বাস নিয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করে রুয়েটে সুযোগ পাওয়া তার জন্য গর্বের বিষয়।" তিনি রুয়েটে একটি সহযোগিতাপূর্ণ ও আন্তরিক শিক্ষাবান্ধব পরিবেশের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পূর্বঘোষিত রুটিন অনুযায়ী ১০ মে থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ নবীনবরণ অনুষ্ঠান নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে দ্রুত অভিযোজিত হতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের মেধা ও মননের পূর্ণ বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

Link copied!