শনিবার ২৮, নভেম্বর ২০২৬

শনিবার ২৮, নভেম্বর ২০২৬ -- : -- --

কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির সঙ্গে জড়িত: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

ছবি: সংগৃহীত

দেশের কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সনদ বিক্রির অভিযোগ তুলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ ধরনের অনিয়ম বন্ধে শিক্ষার্থী ভর্তি থেকে শুরু করে সনদ প্রদান পর্যন্ত পুরো প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে নজরদারির আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সব বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা সব শিক্ষক অনিয়মের সঙ্গে জড়িত নন। তবে কিছু প্রতিষ্ঠানের অনিয়মের কারণে পুরো বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শিক্ষার মান বজায় রাখা এবং সনদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী ভর্তি হওয়ার পরপরই তার তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানোর ব্যবস্থা করতে হবে। ইউজিসি এসব তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করবে এবং সেই তথ্যের ভিত্তিতেই সনদ দেওয়ার ব্যবস্থা থাকবে।

এ প্রক্রিয়া চালু হলে কোন শিক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং তার শিক্ষাজীবনের বিস্তারিত তথ্য কী-তা কেন্দ্রীয়ভাবে যাচাই করা সম্ভব হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চান তারা। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষাক্ষেত্রে যেসব অনিয়ম রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আফলাতুন প্রমুখ।

Link copied!