মঙ্গলবার ২৪, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ২৪, নভেম্বর ২০২৬ -- : -- --

সাত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের আদেশ বাতিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

প্রতীকী ছবি

হালনাগাদ ব্যবস্থাপনা কমিটি না থাকায় দেশের সাতটি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ বাছাই কমিটি গঠনের আগের আদেশ বাতিল করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো)। ফলে এসব প্রতিষ্ঠানে বাতিল হওয়া কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনার সুযোগ থাকছে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি এম আমিনুল ইসলামের সই করা চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের বাধ্যবাধকতা এবং আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটি হালনাগাদ না থাকায় আগে জারি করা নিয়োগ বাছাই কমিটি গঠনের আদেশগুলো বাতিল করা হয়েছে।

আদেশ বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো-রংপুরের রংপুর সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, তালুকহাবু টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও রংপুর বিএম কলেজ; টাঙ্গাইলের হাজী আবু হাশেম টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ; রাজশাহীর বরেন্দ্র মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ; কুড়িগ্রামের চিলমারী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং বগুড়ার শহীদ ফজলুল বারী কারিগরি ও বিএম মহাবিদ্যালয়।

বোর্ডের চিঠিতে প্রতিষ্ঠানগুলোর কোডও উল্লেখ করা হয়েছে। কোডগুলো হলো—১৬০৪৯, ১৬০৩৭, ১৬০৩৪, ০৮০৮৫, ২৩০৭৫, ১৭০৪২ ও ২০০৯০।

এর আগে গত ৫ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে বিভিন্ন স্মারকে প্রতিষ্ঠানগুলোর নিয়োগ বাছাই কমিটি গঠনের আদেশ জারি করেছিল বোর্ড। মঙ্গলবারের সিদ্ধান্তে ওই আদেশগুলো বাতিল করা হয়েছে।

এ সিদ্ধান্তের চিঠির অনুলিপি সংশ্লিষ্ট সাত প্রতিষ্ঠানের অধ্যক্ষ, কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

Link copied!