প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
২০২৬ সালের আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে পরীক্ষার কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে মতবিনিময় সভা করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
আগামী রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় জুম প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা-২০২৬-এর সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পরীক্ষা নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে অংশ নিতে অনুরোধ জানিয়েছে বোর্ড।
সভায় যোগ দেওয়ার জন্য জুম মিটিংয়ের লিংক, আইডি ও পাসওয়ার্ড যথাসময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
